২২ নভেম্বর, ২০২৬
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। বর্তমানে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।