বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ‍বাসের হেলপারের

২৮ অক্টোবর, ২০২৪

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব (২৬) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর খানকা শরিফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব জেলার বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের আশরাফুলের ছেলে। নগরীর বেলদারপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, বিপ্লব একটি বাসের হেলপার। তাদের বাসটি মেরামতের জন্য গ্যারেজে নেওয়া হয়। তিনি নিজেই বাসের নিচে কাজ করছিলেন। একটা নাট লাগানোর কাজ চলাকালে বিদ্যুৎ শক খান তিনি। এসময় চিৎকার দেন। বিপ্লবের চিৎকার শুনে এলাকার লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএমপির শাহ মখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, ঘটনাটি শুনেছি। থানায় ইউডি মামলা রুজু হয়েছে। এ বিষয়ে একজন সাব ইন্সপেক্টর তদন্তের দায়িত্বে আছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।