২৩ নভেম্বর, ২০২৬
লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জাহাজটিতে ড্রোন হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক কর্তৃপক্ষ। হামলায় রাশিয়া ও লিবিয়ার ১০ জন সামান্য আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বেনগাজির নৌঘাঁটিতে এ ঘটনা ঘটে। রাশিয়ার নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের একটি ছোট যুদ্ধজাহাজ বা করভেট সেখানে অবস্থান করছিল। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিতে বন্দরে থেমেছিল বলে জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে জাহাজটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে যেতে দেখা গেছে। শুধু সামনের কিছু অংশ পানির ওপরে ছিল। জাহাজের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে এবং বন্দরের পাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।
লিবিয়ার সামরিক কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজটিকে লক্ষ্য করে ছয়টি সামুদ্রিক ড্রোন পাঠানোর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারটি প্রতিহত করা হয় এবং দুটি জাহাজে আঘাত হানে বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। রাশিয়া বা ইউক্রেনও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ফলে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার উৎস ও দায়ীদের শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে লিবিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। লিবিয়ার বন্দর ও জলসীমাকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হতে দেওয়া হবে না।
এদিকে, একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোনের আঘাতের খবর পাওয়া গেছে। ওই জাহাজের আহত কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সূত্রগুলো।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কার্যত দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে বিভক্ত। দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রশাসন এবং পশ্চিমাঞ্চলের ত্রিপোলিভিত্তিক সরকার—দুই পক্ষই লিবিয়ার বন্দর ও স্থাপনাকে বিদেশি সংঘাতের বাইরে রাখার কথা বলেছে।
তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আলজাজিরা।