☰
✕

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার

২৩ নভেম্বর, ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস, নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনার করা হয়েছে। বাংলাদেশের রাজস্ব নীতির অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা পর্যালোচনার লক্ষ্যে এ সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়। এর মাধ্যমে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম। 

সেমিনারে ব্যবসায়িক আস্থা, বিনিয়োগ এবং জাতীয় নেতৃত্বের দায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। দেশ থেকে পুঁজি বাইরে চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার অবনতি এবং দেশীয় বিনিয়োগ উৎসাহিত করার প্রয়োজনীয়তানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিতে আস্থা পুনর্গঠনের উপায় হিসেবে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।

আলোচকরা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য ব্যবসায়ীসমাজ ও বৃহত্তর জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণসহ সমন্বিত সহযোগিতা প্রয়োজন। 

সেমিনারে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। একাডেমিক আলোচনায় জাতীয় রাজস্ব নীতির অগ্রাধিকার, উচ্চ শিক্ষা, গবেষণার উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে প্রস্তুত করার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়।

উপাচার্য তার আলোচনায় বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা জোরদার করার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল— ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ।

এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ের অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে অধিকতর সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রস্তাবে উচ্চ শিক্ষাকে শিল্প খাতের চাহিদা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার বিষয়েও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতি ও করপোরেট খাতকে প্রভাবিত করা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

শিক্ষার্থীদের জমা দেওয়া প্রশ্নে একাডেমিক যোগ্যতা ও শিল্প খাতের চাহিদার মধ্যে অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপের বিষয় উঠে আসে।

অন্য প্রশ্নগুলোতে তৈরি পোশাক খাতের ওপর বাংলাদেশের নির্ভরতা, রপ্তানি বহুমুখীকরণের সুযোগ, বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্ব-সংক্রান্ত প্রস্তুতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের ফলে স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়।

আলোচনায় সম্ভাব্য রাজস্ব সংস্কার, আনুষ্ঠানিক করব্যবস্থার পরিধি সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রযুক্তি গ্রহণে সম্ভাব্য প্রণোদনার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের প্রধান ড. এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক ড. মো. মোখলেছ উর রহমান। একাডেমিক আলোচনায় আরও অন্তর্ভুক্ত ছিলেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ কে এম আতিকুর রহমান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক ড. নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্য এবং সেশনের উদ্দেশ্য তুলে ধরার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর স্বাগত বক্তব্যের পর অর্থ সচিব সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিভিন্ন বিধান এবং সেগুলোর প্রভাব নিয়ে মূল আলোচনা পরিচালনা করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিজ্ঞ ব্যবসায়ী নেতা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রাতিষ্ঠানিক ও প্রাসঙ্গিক বক্তব্য দেন এম এ কাশেম।

হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। 

এনএসইউ ইয়েস!-এর সহযোগিতায় এনএসইউ এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের এ আয়োজন শিক্ষাঙ্গন, সরকার ও করপোরেট খাতের মধ্যে সম্পৃক্ততা জোরদারের প্রচেষ্টাকে প্রতিফলিত করে। রাজস্ব নীতি, বিনিয়োগ, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক আলোচনার মাধ্যমে উদ্যোগটি শিক্ষার্থীদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নীতিগত বিবেচনাগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয়।