☰
✕

বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর

২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এক হাজার সৌরবিদ্যুৎচালিত কোল্ড-স্টোরেজ (হিমাগার) স্থাপনের জন্য জিরো ওয়েস্ট হারভেস্ট, প্যাসিফিক সোলার এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেডের মধ্যে লন্ডনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক জলবায়ু প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়ন সংস্থা জিরো ওয়েস্ট হারভেস্ট এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশের আইএড্রয়েট টেক বিডি লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড সহযোগিতা করবে। এই প্রকল্পের আওতায় আপাতত দেশের কৃষিপ্রধান অঞ্চলের বড় বড় বাজারগুলোতে কোল্ড স্টোরেজ (হিমাগার) তৈরি করা হবে।

এতে স্থানীয় কৃষকদের কৃষিপণ্য যেমন- টমেটো, আলু, লাউ, মুলা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি বাজারে নিয়ে বিক্রি না করতে পারলেও পচে যাওয়ার ভয়ে কমদামে বিক্রি করতে হবে না। তারা অবিক্রীত কৃষিপণ্য শাকসবজি ন্যূনতম একটি ফি দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদে রেখে দিতে পারবেন। যখন পণ্যের দাম বাড়বে তখন তারা সেগুলো হিমাগার থেকে নিয়ে আবার বিক্রি করতে পারবেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজুল করিম রকিব এর পরিচালনায় এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন, জিরো ওয়েস্ট হারভেস্টের চেয়ারম্যান ও বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির স্বত্বাধিকারী মো. রফিক হায়দার।

এসময় বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যাসিফিক সোলারের ম্যানেজিং ডাইরেক্টর ও জিরো ওয়েস্ট হারভেস্টের প্রধান নির্বাহী (সিইও) ইব্রাহিম লোদী এবং আইএড্রয়েট টেক বিডি লিমিটেডের ডাইরেক্টর ইমরান চৌধুরী।

সংবাদ সম্মেলনে রফিক হায়দার বলেন, বাংলাদেশে প্রতিবছর শুধু শাকসবজি সংগ্রহের পর নষ্ট হওয়ার কারণে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় । আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাব, পর্যাপ্ত হিমাগার না থাকা এবং দুর্বল সরবরাহ অবকাঠামো এ ক্ষতির অন্যতম কারণ। এসব সমস্যা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর আধুনিক হিমাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিরো ওয়েস্ট হারভেস্ট ইতোমধ্যে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার সৌরবিদ্যুৎ চালিত হিমাগার স্থাপনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ফলমূল, শাকসবজি ও অন্যান্য দ্রুত পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষকরা ফসল সংগ্রহের পরপরই কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না। বাজার পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ পেলে তাদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।