২৩ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে মুখোশধারী আট থেকে দশ জনের ডাকাত দল গ্যারেজে ঢুকে স্বামী-স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। এ সময় ডাকাতদের নির্যাতন ও বাঁধা অবস্থায় নিস্তেজ হয়ে পড়েন গ্যারেজ ব্যবসায়ী অহিদুল ইসলাম (৫০)। পরে তার মৃত্যু হয়। ডাকাতরা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে।
রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার পাটাভোগ হরিবাড়ী সংলগ্ন ওয়াহিদুর রহমানের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। তিনি গত তিন মাস ধরে পাটাভোগ হরিবাড়ী এলাকার ওই গ্যারেজটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্ব-পরিবারে গ্যারেজের ভেতরেই বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে ঘুমিয়ে ছিলেন অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তার। ডাকাতরা প্রথমে তাদের জিম্মি করে হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে। পরে একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে সেখানে থাকা ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি এবং দুটি আস্ত অটোরিকশা তুলে নেয়।
নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, ডাকাতরা মালামাল লুট করার একপর্যায়ে তার স্বামী নিস্তেজ হয়ে পড়েন। তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে ডাকাতরা দ্রুত অহিদুলের হাতের বাঁধন খুলে দিয়ে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ কয়েকজন ডাকাত গ্যারেজের পেছন দিক দিয়ে প্রবেশ করে। এ সময় গ্যারেজে অহিদুল ইসলাম ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে অটোরিকশার ব্যাটারিসহ দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে অহিদুলের বাঁধন খুলে দেওয়া হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে শ্রীনগর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।