☰
✕

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন বাংলাদেশ গড়া যাবে না : জোনায়েদ সাকি

২৩ নভেম্বর, ২০২৬

 

পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা দেশের সামনে জাতীয় পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি করেছেন, তা কাজে লাগাতে হবে। এ জন্য তরুণদের শুধু আন্দোলনের ভূমিকায় সীমাবদ্ধ থাকলে চলবে না, দায়িত্ব নিয়ে পরিবর্তনের কাজও এগিয়ে নিতে হবে।

আজ সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অপরাজেয় তারুণ্য 'ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক 'আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য'। 

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, এইটাকে যদি আমরা একই পুরনো বন্দোবস্তের মতো সরকার এবং বিরোধিতার ওই ধরণটাতেই পুরোপুরি ফিরিয়ে যাই, তাহলে আমরা নতুন কিছুতে এগোতে পারব না।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একই সঙ্গে দেশের সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। পুরোনো রাজনৈতিক কাঠামোর চর্চা আবার প্রাধান্য বিস্তার করলে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না।

তরুণদের ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের উত্থানের মধ্য দিয়ে, তরুণদের উত্থানের মধ্য দিয়ে এবং বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে একটা বড় সুযোগ তৈরি করেছে। সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করাটাকে রাজনৈতিক কর্তব্য হিসেবে আমরা মনে করছি।

তিনি বলেন, তরুণদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। পরিবর্তনের যে পরিসর তৈরি হয়েছে, তা ধরে রাখতে এবং সামনে এগিয়ে নিতে পরিকল্পনা প্রয়োজন। এখন তরুণরা যদি এই ভূমিকার পরেই আবার মনে করে যে আমাদের দায়িত্ব শেষ, তাহলে পরিসরটা কিন্তু সেই জায়গায় থাকবে না। এই তরুণদের বাকি কাজটাও নিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে। তখনই পরিকল্পনার প্রশ্নটা আসবে।

জোনায়েদ সাকি বলেন, সরকারের থেকে কেবল আওয়াজ কিংবা আহ্বান জানানোই যথেষ্ট নয়। সেখানে কিছুটা দায়িত্ব আছে। সেখানে কী করা হচ্ছে, সেই জায়গাগুলোর জবাবদিহির প্রশ্ন আছে।

তিনি বলেন, অতীতের ভুলগুলো বারবার আবিষ্কার করতে গিয়ে যদি সামনে এগোনোর সময় পিছিয়ে যায়, তাহলে বিশ্বপরিস্থিতির সঙ্গে তাল মেলানো কঠিন হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করতে হবে।

তরুণদের উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা দূর করা এবং আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্টার্টআপ ও ক্রিয়েটিভ ইকোনমিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রিয়েটিভ ইকোনোমির প্রসঙ্গ তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ক্রিয়েটিভ ইকোনমি বলতে কেবল সাংস্কৃতিক ব্যাপার বোঝাচ্ছে না। বাংলাদেশের মানুষের যেকোনো সৃজনশীল উদ্যোগকেই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে নিয়ে আসা—একেবারে গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে শুরু করে শহর পর্যন্ত।

তরুণদের প্রযুক্তিগত প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কাজে দক্ষতা অর্জন করতে পারবেন। যাদের ল্যাপটপ নেই, তাদের প্রশিক্ষণের সময় প্রয়োজনীয় সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আমাদের এখানে গবেষণার জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০ কোটি টাকা মাত্র। এত বড় অসঙ্গতি নিয়ে তো একটা দেশে হাঁটা যায় না।

তিনি বলেন, আর অ্যান্ড ডি বাজেট অবিলম্বে বাড়াতে হবে এবং আগামী পাঁচ বছরে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমাদের দেশে তরুণরা যে নানা ধরনের উদ্ভাবনের কাজ করছেন, সেগুলো করার সুযোগ পান।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে রাষ্ট্রের সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, অথচ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পুরো প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেওয়া।

জোনায়েদ সাকি বলেন, গবেষণা ও উন্নয়নে শুধু বাজেট বাড়ালেই হবে না, বাস্তবায়নের কাঠামোও তৈরি করতে হবে। বিসিএসআইআর থেকে শুরু করে স্কুল-কলেজ পর্যন্ত উদ্ভাবনের সংযোগ গড়ে তুলতে হবে, যাতে তরুণদের প্রতিভা ও আগ্রহ দীর্ঘস্থায়ীভাবে বিকশিত হতে পারে।

তিনি বলেন, আজকে খুব একটা আগ্রহ থেকে দুই বছর কিছুটা ইনোভেশনের কাজে থাকলাম, তারপর অন্য একটা চাকরিতে চলে গেলাম—এই করে তো আমাদের প্রতিভা নষ্ট হচ্ছে। যার যেখানে আগ্রহী, তার সেই আগ্রহের সর্বোত্তম বিকাশটা সে ঘটাতে পারে, তার জন্য প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করা এবং বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করা জরুরি। এসব উদ্যোগের মধ্য দিয়েই নীতিগত পরিবর্তনের পথ তৈরি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, মো. আবু রায়হান প্রমূখ।