☰
✕

টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার

২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী (২৫)। গতকাল রবিবার সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার তাপসী রবিবার সন্ধ্যায় টঙ্গীর একটি কমপ্লেক্সের সামনে আসলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তারকে শনাক্তের পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এদিকে, গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেইসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আজ সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।