২৩ নভেম্বর, ২০২৬
দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চকর গল্প নিয়ে ঢাকায় ফিরছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসব।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের আয়োজনে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি প্রথমবারের মতো দেওয়া হবে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’। এ ছাড়া এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর বই ‘এনডিউর—চেজিং দ্য ইমপসিবল’ প্রকাশিত হবে।
উৎসবে পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইং নিয়ে নির্মিত কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র দেখানো হবে। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ফিনিশার: জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথন্স’, ফ্রান্সের ‘ম্যান্ডালা’ ও কানাডার ‘কোল্ড কলস’।
২০১০ সাল থেকে কেওক্রাডং বাংলাদেশ উৎসবটি আয়োজন করছে। সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত। আগ্রহীদের আগাম নিবন্ধন করতে হবে https://kewkradong.com/banff-fest-dhaka-2026/ ঠিকানায়।