☰
✕

অ্যাতলেতিকোর কোচ হিসেবে অনন্য রেকর্ড সিমিওনের

২৩ নভেম্বর, ২০২৬

আতলেতিকো মাদ্রিদের বর্ণাঢ্য কোচিং অধ্যায়ে এর চেয়েও অনেক নাটকীয় জয় উদযাপন করেছেন দিয়েগো সিমিওনে, তবে রবিবার (২২ নভেম্বর) গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়টি তাঁকে এনে দিল অনন্য এক মাইলফলক। এই জয়ের মাধ্যমে লা লিগার ইতিহাসে কোচ হিসেবে সর্বাধিক জয়ের রেকর্ডে কিংবদন্তি লুইস আরাগোনেসকে ছাড়িয়ে গেলেন তিনি।

আর্জেন্টাইন এই কোচ নিজের ৫৬৭তম ম্যাচে এসে লা লিগায় ৩৪৫তম জয়ের দেখা পেলেন, যা সাবেক আতলেতিকো কোচ আরাগোনেসের ৩৪৪ জয়ের মাইলফলক স্পর্শ করতে লাগা ম্যাচের চেয়ে ১৮৯টি কম। তবুও আতলেতিকো মাদ্রিদে সিমিওনের প্রভাব কেবল পরিসংখ্যানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়।

অন্যান্য কোচদের হয়তো জয়ের শতকরা হার বা শিরোপার সংখ্যা আরও বেশি থাকতে পারে, কিন্তু স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘস্থায়িত্ব, ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তার বিচারে সিমিওনে অনন্য। প্রায় ১৫ বছর আগে যখন তিনি ধুঁকতে থাকা একটি দলের দায়িত্ব নিয়েছিলেন, তখন তাঁর অধীনে আতলেতিকোর আটটি শিরোপা জয় ক্লাবটির সবচেয়ে আশাবাদী সমর্থকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

তবে তাঁর এই কোচিং মেয়াদের সবচেয়ে গভীর ক্ষত হয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনাল হার। দুটি হারই এসেছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে- একটি টাইব্রেকারে এবং অন্যটি যোগ করা সময়ে সমতাসূচক গোল হজম করার পর অতিরিক্ত সময়ে। যেভাবে সেই হারগুলো এসেছিল, তাতে অন্য যেকোনো কোচই হয়তো দায়িত্ব ছেড়ে চলে যেতেন। কিন্তু সিমিওনে দমে না গিয়ে আরও অদম্য হয়ে ফিরে এসেছেন।

২০১১ সালে আতলেতিকোতে যোগ দেওয়ার সময় তাঁর মধ্যে যে উন্মাতাল শক্তি ও কঠোর সংকল্পের মিশ্রণ দেখা যেত, আজও কালো পোশাকে টাচলাইনে দাঁড়িয়ে হাত নেড়ে নির্দেশনা দেওয়ার সময় সেই একই রূপ দেখা যায়।

গেতাফের বিপক্ষে জয়ের পর এই রেকর্ড প্রসঙ্গে সিমিওনে বলেন, "এটি আমাকে আনন্দ দেয়। আমি সাধারণত খুশি হওয়ার মতো খুব বেশি বিষয় খুঁজে পাই না, তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম জড়িয়ে আছে।"

সময়ের সাথে সাথে বদলেছে তাঁর ফুটবল কৌশল। বছরের পর বছর ধরে সিমিওনের দলগুলোর খেলার ধরনে ব্যাপক বিবর্তন ঘটেছে, যদিও এখনো তাঁকে নিজের কৌশল নিয়ে পরিচিত সমালোচনার মুখোমুখি হতে হয়।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল মুভিস্টারকে সিমিওনে বলেন, "আমরা সবসময়ই ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হই। আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না, তবে বিষয়গুলো নজরে রাখি। এই যে একটি ধারণা প্রচলিত আছে যে আমরা কেবল একটি রক্ষণাত্মক দল, যেন আমরা সবসময় শুধু রক্ষণ সামলাতেই খেলি- শুধু রক্ষণ সামলে আপনি ৩৪৫টি ম্যাচ জিততে পারবেন না। এটি কি আদৌ সম্ভব?"

সিমিওনের অধীনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচেটিয়া আধিপত্যে ফাটল ধরিয়ে স্প্যানিশ ফুটবলের তৃতীয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিঃসন্দেহে প্রতিষ্ঠিত করেছে আতলেতিকো মাদ্রিদ। ২০০৪ সালে আরাগোনেস তাঁর শেষ লা লিগা জয়টি পাওয়ার দীর্ঘ ২২ বছর পর রেকর্ডটি আতলেতিকোরই এক মহাতারকা কোচের হাত থেকে আরেকজনের হাতে স্থানান্তরিত হলো।

সিমিওনের বর্তমান গতিপথ ইঙ্গিত দিচ্ছে যে তাঁর এই রেকর্ডটি আরও দীর্ঘকাল অক্ষত থাকতে পারে। তবে রেকর্ডটি যতদিনই টিকে থাকুক না কেন, আতলেতিকো মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবলে তাঁর ছাপ ইতিমধ্যেই অমোচনীয় হয়ে গেছে।