☰
✕

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

২৩ নভেম্বর, ২০২৬

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি। এর জেরে তাকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে বারবার বেঁচে যান তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে মুক্ত হন। তাদের মধ্যে সুইডেন আসলামও ছিলেন। জামিনে মুক্তি পেয়ে বিদেশে চলে যান তিনি। এরপর সেখান থেকেই চালাতে থাকেন অপরাধ সাম্রাজ্য।

এরপর সুইডেন আসলাম ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের একটি তিনতলা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন। ব্যবসায়ীরা বলছেন, মার্কেটটি এখন তাঁর দখলে। তাঁকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হয়।

সূত্র আরও বলেছে, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলে সুইডেন আসলামের নাম এসেছে। তার লোকজন এ এলাকায় নানা অপরাধে জড়াচ্ছে। গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিনাশ নামের এক সন্ত্রাসী জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি সুইডেন আসলামের ঘনিষ্ঠ।

ডিবি সূত্র বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান। পরে আগস্ট ও নভেম্বরে আরও তিনবার তিনি মালয়েশিয়া থেকে এভাবে ঢাকায় আসা–যাওয়া করেছেন। সুইডেন আসলাম মালয়েশিয়ায় থাকলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তার যাওয়া-আসা ছিল।

সূত্র আরও জানিয়েছে, গত আগস্ট মাসে একবার দেশে আসেন সুইডেন আসলাম। খবর পেয়ে ডিবির একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালায়। টের পেয়ে ডিবির সামনে দিয়ে পালিয়ে যান আসলাম। 

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তার কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে আগের ছবির মিল নেই। তার নাম জানতে চাইলে তিনি তখন আলী আকবার পরিচয় দিয়ে চলে যান। গ্রেপ্তারের পর দেখা গেছে সেই সময় আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিটি আসলে সুইডেন আসলাম।

এরই ধারাবাহিকতায় সুইডেন আসলামকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোগ নেয় ডিবি। 

গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। গোয়েন্দারা তার ঢাকায় আসার খবর পেয়ে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাকে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে গতকাল রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।