২৩ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে নতুন করে পাশ করেছেন ২৩৮ জন শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণে মোট ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত পরিসংখ্যান অনুযায়ী- এবার পুনঃনিরীক্ষণের জন্য মোট ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৬ হাজার ৯৪৮টি উত্তরপত্রের নাম্বার পরিবর্তন হয়েছে। নাম্বার পরিবর্তনের ফলে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। তাদের মধ্যে ৯৪৮ জন ছাত্র এবং ১ হাজার ৯৫ জন ছাত্রী।
ফল পরিবর্তনের পর নতুন করে পাশ করেছেন ২৩৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৩ জন এবং মানবিক বিভাগের ৯ জন রয়েছেন। অন্যদিকে ৪৩৫ জন শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা ফেল থেকে পাশ করতে পারেননি।
পরিসংখ্যানে আরও দেখা যায়, পুনঃনিরীক্ষণে ১ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর সিজিপিএ (জিপিএ) পরিবর্তন হয়েছে। ৯০ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও সিজিপিএ বাড়েনি। এছাড়া ১ হাজার ৯৬৭ জনের একটি বিষয়ে, ৭৪ জনের দুটি বিষয়ে এবং দুজনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।