২৪ নভেম্বর, ২০২৬
ঊরুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এনদ্রিক।
সোমবার (২৩ নভেম্বর) ২০ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদের ক্লাবটি।
তবে বিবৃতিতে তার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানায়নি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এনদ্রিককে।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজেদের মাঠে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া লা লিগায় আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, আথলেতিক বিলবাও ও ওসাসুনার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এনদ্রিক। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রিয়ালের সর্বশেষ চারটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন এনদ্রিক। চলতি মৌসুমে দলটির হয়ে আট ম্যাচ খেলে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফরোয়ার্ড।
চোটের কারণে রিয়াল মাদ্রিদের আরও তিন ফুটবলার মাঠের বাইরে রয়েছেন। তারা হলেন, ফেরলদ মদি, রাউল আসেন্সিও ও রদ্রিগো।