২৪ নভেম্বর, ২০২৬
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হঠাৎ কারখানার ওপর থেকে একটি দেয়াল ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর লালবাগের ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ফায়ার ফাইটার হলেন, জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কারখানার ওপর থেকে একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে তারা দুজনই আহত হন। পরে ঘটনাস্থলে থাকা সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার।
তিনি জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ কারখানার ওপর থেকে একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে তারা দুজন আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।