২৪ নভেম্বর, ২০২৬
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন অবস্থায় রেখে দিলে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে অফিস বা অন্যের সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা কম্পিউটারে সেশন চালু রাখলে তা অপব্যবহারের আশঙ্কা থাকে। এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে একটি নির্দেশনা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার।
নির্দেশনায় বলা হয়েছে, কম্পিউটারে সক্রিয় থাকা হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন কাজে লাগিয়ে অসাধু ব্যক্তিরা অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশাধিকার নিতে পারে। এর ফলে ব্যক্তিগত বার্তা, ফোন নম্বরের তালিকা ও গ্রুপ কথোপকথন ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে প্রতারণা, ফিশিং কিংবা অন্যান্য সাইবার অপরাধও সংঘটিত হতে পারে।
এ ধরনের ঝুঁকি এড়াতে অফিসের কম্পিউটার, শেয়ার করা সিস্টেম বা অন্যের নাগালে থাকা ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব স্থায়ীভাবে লগইন না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কেবল ব্রাউজার বা ট্যাব বন্ধ না করে প্রতিটি সেশন শেষে লগআউট করার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে সাময়িকভাবে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হলে বিশ্বস্ত কম্পিউটারে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহারের সুপারিশ করা হয়েছে। তবে ইনকগনিটো মোডকে কেবল বাড়তি সতর্কতা হিসেবে দেখতে হবে, এটি লগআউটের বিকল্প নয়। এ ছাড়া সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার বা ধার করা কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে স্পর্শকাতর সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা গোপন তথ্য আদান-প্রদান না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক কার্যক্রম নজরে এলে সতর্ক হতে বলা হয়েছে। নিরাপদ থাকতে অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা এবং সন্দেহজনক ফাইল বা ক্র্যাকড সফটওয়্যার ডাউনলোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।