☰
✕

তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি

২৪ নভেম্বর, ২০২৬

তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে নবগঠিত তথ্য কমিশন। কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে। আর অবশিষ্ট পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবারের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন অংশ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্য না পাওয়া।

এ ছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ার অভিযোগও শুনানিতে উঠে আসে।

পাশাপাশি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়েও তথ্য না পাওয়ার অভিযোগ করেন আবেদনকারীরা।