☰
✕

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

২৪ নভেম্বর, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আশপাশের অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) কিয়েভের প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে পাঁচতলা একটি আবাসিক ভবনে রাতভর হামলা চালায় রাশিয়া। এতে ভবনটির একাংশ ধসে পড়ে এবং অন্তত ১১ জন নিহত হন। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো সোমবার এ তথ্য জানান।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এতে ওই ভবনে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

এর আগে ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানায়, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ১১ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হয়।

তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে ৭৯ বছর বয়সি  এক নারী ও একটি শিশুও রয়েছে বলে জানান তাকাচেঙ্কো।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিত কিংবা মৃত অবস্থায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা কাজ করছেন।’

এদিকে, কিয়েভের দক্ষিণে ভিশনেভ শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। শহরটির মেয়র ইলিয়া ডিকভো ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাকাচেঙ্কো বলেন, ‘মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। সাধারণ একটি কেনাকাটা রুশ হামলার কারণে মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।’

এ ছাড়া কাছের বিলয়া তসেরকভা শহরে একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান তিনি।

অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও বাড়িয়েছে মস্কো।

এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, কের্চ সেতুতে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া আরও ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’ পালটা হামলা চালাবে।