৩০ অক্টোবর, ২০২৪
ঝিনাইদহের শৈলকুপায় আলোচিত চরমপন্থী দলের ৫ সদস্য হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়াহ এ রায় দেন। রায় ঘোষণার সময় এজলাসে ৮ জন আসামি উপস্থিত ছিলেন।
যাবজ্জীবনপ্রাপ্ত দুজন হলেন-আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা। আলী রেজা সিদ্দিকী বুলবুল কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইসাহাক মাস্টারের ছেলে। আর মহসীন মোল্লা একই থানার পিয়ারপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।
২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট জমা দেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ওই মামলা থেকে অব্যাহতি দেন