২৪ নভেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সামগ্রিক প্রেক্ষাপট, এর পেছনের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রতিষ্ঠাকালীন স্বপ্ন এবং দীর্ঘ পথপরিক্রমায় বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৪১১ নং কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম এ সেমিনারের আয়োজন করে। এতে প্রবন্ধ উপস্থাপন করেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. কামরুজ্জামান।
সেমিনারে গ্রীণ ফোরামের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি ড. ওবায়দুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল-রশিদ, ইউট্যাবের সভাপতি ড. মুহাম্মাদ সেলিম, কলা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ, থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন ড. সিকান্দার আলী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, ড. এবিএম ফারুক ও ড. নাসির উদ্দিন মিঝি, অর্থনীতি বিভাগের ড. জাহাঙ্গীর আলম, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের, ড. কামরুল হাসান। এ সময় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গ্রীণ ফোরামের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি। তার সুযোগ্য সন্তানের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সেই অপূর্ণতা পূরণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৌলিকত্ব ফিরিয়ে এনে মালয়েশিয়া ও পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তুলতে প্রশাসনকেও কার্যকর উদ্যোগ নিতে হবে।”