২৪ নভেম্বর, ২০২৬
প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চালু হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক এ পাঠাগার কার্যক্রম শুরু হয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগারটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের বড় একটি অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমান সময় ব্যয় করছে। এ পরিস্থিতিতে পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বইয়ের নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার স্থান নয়; এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার একটি উদ্যোগ। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার সঙ্গে জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।