☰
✕

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলেছে

২৪ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও হাসপাতালে গিয়ে মরদেহ দেখে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।

নিহত যুবকের নাম রনি দাস (৩২)। তিনি জেলার আখাউড়া পৌরসভার রাধানগর এলাকার মাধব চন্দ্রদাসের ছেলে এবং আখাউড়া সড়ক বাজারের একজন মাছ ব্যবসায়ী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মাধবপুর কাচারি এলাকার নিতু মল্লিকের মেয়ে বিপাশার (২৭) সঙ্গে রনির বিয়ে হয়। সোমবার সকালে ব্যক্তিগত কাজে রনি আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসেন। দুপুরের পর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাধিকা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রনিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রাত ১০টার দিকে জাফর খান নামের স্থানীয় এক ফল ব্যবসায়ী তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সময় রনির সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী ইমরান মুঠোফোনে জানান, সোমবার সন্ধ্যায় শহরের কাউতলী থেকে রনিসহ কয়েকজন অটোরিকশাযোগে আখাউড়ার সড়ক বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে
রনি অটোরিকশার ভেতরে অস্বাভাবিক আচরণ ও মাতলামি শুরু করলে চালক ও যাত্রীরা তাকে রাধিকা এলাকায় নামিয়ে দেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।