২৪ নভেম্বর, ২০২৬
সার বিক্রিতে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিলে সংশ্লিষ্ট সার ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৪৭ জন নতুন ও পুরোনো সার ডিলারের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
জেলা প্রশাসক বলেন, মাগুরায় বর্তমানে সারের কোনো কৃত্রিম সংকট নেই। কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়নি। তবে সার নিয়ে কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি, সঠিকভাবে মজুত সংরক্ষণ এবং কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, মাগুরার ৯ হাজার কৃষক কৃষি কার্ড পেতে যাচ্ছেন। কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরকালে মাগুরার ৯ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন।
সভায় নতুন ও পুরোনো সার ডিলারদের আইনানুগ দায়িত্ব, সার সংরক্ষণ, সুষ্ঠু বিতরণ এবং সরকারি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত অবহিত করেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মেহেরুন্নাহার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জসীম উদ্দীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলার সার ডিলাররা অংশ নেন।