২৪ নভেম্বর, ২০২৬
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ব্যাটালিয়নের পৃথক অভিযানে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্য জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, প্রসাধনসামগ্রী, জুস, বিস্কুট ও ফেনসিডিল জব্দ করে। এ ছাড়া ভারতে পাচারের সময় রসুনের একটি চালান জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা।
অন্যদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে সাত লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে।