২৪ নভেম্বর, ২০২৬
আজ মঙ্গলবার সকালে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শোকের সাগরে ভাসিয়ে অভিনেতা সোহেল খান চলে গেছেন না ফেরার দেশে। বগুড়ায় নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ের জন্য হোটেলের কক্ষ থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৯টা ৫৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেতার মরদেহ বর্তমানে ঢাকার পথে। নেওয়া হবে ধামরাইয়ে। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন করা হবে বলে ঢাকা মেইলকে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক মামুন রশিদ অপু।
মামুন রশিদ অপু বলেন, বগুড়া থেকে সরাসরি তাকে ধামরাইয়ের গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে। জানাযার সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তার সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তার কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাকে দেখা যায় বাবার ভূমিকায়।
বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা: দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তেও ছিলেন তিনি।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘খোঁজ - দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘শান’, ‘প্রিয় কমলা’ ও ‘জংলি’।