২৪ নভেম্বর, ২০২৬
থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম–সিরিজ তো অনেক হলো এবার দর্শকদের জন্য আসছে রানওয়ে, মডেল, ডিজাইন বা এক কথায় ফ্যাশন কনটেন্ট। তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘আরকা'স নেক্সট’ মডেল মুক্তি পাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৫ নভেম্বরের রাত ১২টা (২৬ নভেম্বর) থেকে দেখা যাবে ৩ পর্বের সিরিজটি। এসময়ের তরুণদের স্টাইল–ফ্যাশন নিয়ে ভাবনা কেমন তার অনেকটাই জানা যাবে এ কনটেন্টে। পাশাপাশি এ সময়ের ডিজাইন–ডিজাইনার, পোশাক ও ক্যাটওয়াক তো থাকছেই।
দর্শকদের ভিন্ন রকম কনটেন্ট দিতেই ২০২৫ সালে‘আরকা’স নেক্সট মডেল’–এর সঙ্গ যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত কনটেন্টটিই দেখতে পারবেন দর্শকরা।
দেশের ফ্যাশন শিল্পে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে ‘আরকা’ প্ল্যাটফর্মটি, যা শুধু সাধারণ ফ্যাশন–শো নয় বরং দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিক তারুণ্যের সৃজনশীলতার মিলনমেলা। সংস্কৃত ভাষায় ‘আরকা’ শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি, যা অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা বয়ে আনে। একইভাবে, বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন আলো ও বৈশ্বিক পরিচিতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২৩ সালে যাত্রা শুরু করে 'আরকা'।
আরকা’স নেক্সট মডেল–এর ডিরেক্টর আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে কেবল ‘মেড ইন বাংলাদেশ’ বা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয় বরং ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ বা নিজস্ব ফ্যাশন ও নকশা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই ফ্যাশন উইকের আয়োজন। তিনি বলেন, ‘আরকা'স নেক্সট মডেল বাংলাদেশের ফ্যাশন ও বিজ্ঞাপন জগতে নতুন মুখ তৈরি করছে। প্রতি বছরই এখান থেকে মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন। তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এটা আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করছে ঠিকই, কিন্তু আরও দীর্ঘ পথ পারি দিতে হবে।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘দেশের ফ্যাশন বা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের এখানে কাজ খুবই কম। অথচ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কত প্রতিভাবান ডিজাইনার–মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে অন্যান্য দেশে অনেক রকম কনটেন্ট তৈরি হয়। সেখানে যেমন আধুনিক চিন্তা ফুটে ওঠে, তেমনি দেশীয় সংস্কৃতিও সংরক্ষিত হয়। আবার ভিন্ন স্বাদের কনটেন্টও দেখার সুযোগ পান দর্শকরা। 'আরকা'স নেক্সট মডেল' কনটেন্টেও তেমন ঘটবে বলে আশা করি।’
‘চরকি আরকা নেক্সট মডেল’ এর মূল প্রতিপাদ্য ছিল ঐতিহ্যবাহী জামদানি। সারা দেশ থেকেই এখানে আসেন অংশগ্রহণকারীরা। এত এত মডেলদের মধ্যে থেকে চূড়ান্ত করা হয় সেরা ১০ জনকে। একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে ‘আরকা'স নেক্সট মডেল’–এর পরবর্তী আসরগুলো। যেখানে ক্যাটওয়াক ছাড়াও থাকবে ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, মাস্টারক্লাস।