২৪ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাজানপুর শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, ২৩ নভেম্বর শাখার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুনের আভাস পেয়ে উপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন। এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ব্যবস্থাপকের ভাষ্য অনুযায়ী- ঘটনাস্থলে তিনজনের মতো দুর্বৃত্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।