২৪ নভেম্বর, ২০২৬
রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় বিশেষ অভিযান চালায় লালবাগ থানা পুলিশ। এ সময় ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করা হয়।
লালবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইফতেখার চৌধুরী সজীব নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি এবং সংগঠনটির সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন।
এ ছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।