☰
✕

যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার

২৫ নভেম্বর, ২০২৬

ব্রাজিলিয়ান ফুটবলে ফের আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন নেইমার জুনিয়র। এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁর এবং সতীর্থদের নতুন চুলের স্টাইল। ব্রাজিলিয়ান সিরি আ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর নেইমারদের এই সাজকে কেন্দ্র করে ক্ষোভ ও কটাক্ষের মুখে পড়েছে সান্তোস।

ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডে সাও পাওলোর মোরুমবিস স্টেডিয়ামে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। ম্যাচের আগে নেইমার, গ্যাবিগোল, ফিলিপে কুতিনিও, রদিনেই ও আর্থারসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় চুলে প্লাটিনাম ব্লন্ড বা বরফের মতো সাদা রং করান। ম্যাচ শুরুর আগেই তাঁদের এই সম্মিলিত লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে।

কিন্তু মাঠের লড়াইয়ে আশানুরূপ ফল পায়নি সান্তোস। গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয় নেইমারের দল। প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেন ফ্রান্সিস আমুজু ও মার্টিন ব্রেইথওয়েট।

হারের পরই খেলোয়াড়দের প্লাটিনাম হেয়ারস্টাইল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ব্রাজিলীয় সংবাদমাধ্যম টেরা জানিয়েছে, বড় কোনো শিরোপা বা সাফল্য ছাড়াই এমন সম্মিলিত সাজকে অনেক সমর্থক ও ফুটবলপ্রেমী অহংকার বা আত্মতুষ্টি হিসেবে দেখছেন। সানাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিয়ে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপও চলছে।

এদিকে ইউওএল-এর ক্রীড়া বিশ্লেষক দানিলো লাভিয়েরি সান্তোসের ড্রেসিংরুমের পরিবেশ ও নেইমারের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বিশ্লেষণেও খেলোয়াড়দের এই নতুন লুক প্রসঙ্গটি উঠে এসেছে। সমালোচকদের মতে, বিতর্কটি কেবল চুলের রঙে সীমাবদ্ধ নয়; বরং দলের মানসিকতা ও মাঠের পারফরম্যান্সই মূল বিষয়।

তবে এসব সমালোচনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না নেইমার। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, চুলের রঙের সঙ্গে খেলার মানের কোনো সম্পর্ক নেই।

নেইমার বলেন, ‘চুলের রং কোনো কিছু পরিবর্তন করে না। আমি চুলে রং করেছি, কিন্তু এতে কিছুই বদলায়নি। আগেও অনেকে চুলে রং করেছেন। এর সঙ্গে ফুটবলের কোনো যোগসূত্র নেই।’

সমালোচকদের কড়া জবাব দিয়ে এই তারকা ফরোয়ার্ড আরও বলেন, ‘যারা এমন কথা বলছেন, তাঁরা ফুটবল সম্পর্কে কিছুই বোঝেন না। তাঁরা আমাদের প্রতিদিনের পরিশ্রম, মানসিক চাপ কিংবা নিজেদের কাছে আমাদের দায়বদ্ধতার বিষয়গুলো জানেন না।’

নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে নেইমার যোগ করেন, চুলের রং হলুদ, গোলাপি বা সবুজ যা-ই হোক না কেন, ভালো ফুটবল খেলতে তা কখনোই বাধা হয়ে দাঁড়ায় না।

গ্রেমিওর কাছে হারের ফলে লিগ টেবিলের সমীকরণও জটিল হয়েছে সান্তোসের জন্য। ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে রয়েছে দলটি। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আসন্ন ম্যাচগুলোতে পয়েন্ট অর্জন করা এখন সান্তোসের জন্য বড় চ্যালেঞ্জ।