☰
✕

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা

২৫ নভেম্বর, ২০২৬

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩০ হাজার ১০৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (২৩ নভেম্বর) প্রবাসী আয় এসেছে সাত কোটি ২০ লাখ ডলার বা ৮৯২ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ছয় দশমিক ৯০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৪২ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।