৩১ অক্টোবর, ২০২৪
গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশও হয়ে পড়েছেন অনেকে।
ইসরায়েলে অবশ্য নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ফলে দেশটির সংরক্ষিত সেনা বাহিনীতে কখনও সেনা সদস্যের অভাব হয় না।
তবে দীর্ঘ এই যুদ্ধ সেনাদের মধ্যে ক্লান্তি-অবসাদ বাড়িয়ে দিচ্ছে। কয়েক দিন আগে ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত বিভাগের সদস্য এরিয়েল সেরি লেভি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এক পোস্টে বলেন, “আমরা ডুবে যাচ্ছি। এই যুদ্ধ আমাদের শেষ করা উচিত, কারণ আমরা সংরক্ষিত বিভাগের সদস্যরা কেউই নিয়মিত সেনাসদস্য নই। আমি সবসময়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে প্রস্তুত, কিন্তু এখন, এই মুহূর্তে আমি সত্যিই ক্লান্ত।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিয়েলের এই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কয়েক হাজারবার শেয়ার হয়েছে পোস্টটি।
সূত্র : এএফপি