☰
✕

মডেল অ্যাবি চোই হত্যা, দায় এড়াতে বাবাকে খুনি সাজানোর চেষ্টা সাবেক স্বামীর

২৫ নভেম্বর, ২০২৬

হংকংয়ের আলোচিত মডেল ও সমাজকর্মী অ্যাবি চোই হত্যা মামলায় নিজের দায় এড়াতে বাবাকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিলেন তাঁর সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং। আদালতে জেরার মুখে পুলিশের কাছে দেওয়া বক্তব্যের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হংকংয়ের হাইকোর্টে সাক্ষ্য দিতে গিয়ে ৩১ বছর বয়সী অ্যালেক্স জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ তাঁকে দিয়ে তিন পৃষ্ঠার একটি জবানবন্দি লিখিয়ে নেয়। তিনি ভেবেছিলেন, বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাঁর নিজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে না। তবে ওই বক্তব্যকে ‘প্রায় বানোয়াট’ দাবি করে তিনি বলেন, পুলিশ তাঁকে বিভ্রান্ত করে বক্তব্য দিতে বাধ্য করেছিল।

প্রসিকিউশনের দাবি, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ২৮ বছর বয়সী অ্যাবিকে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার কথা বলে গাড়িতে তোলা হয়। পরে অ্যালেক্স হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করেন। গাড়ি চালাচ্ছিলেন অ্যালেক্সের বড় ভাই অ্যান্থনি কোয়াং। এরপর অ্যালেক্সের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কোয়াং কাউ ও বড় ভাই মিলে অ্যাবির মরদেহ টুকরো টুকরো করে তাই-পো এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। ঘটনার তিন দিন পর সেখানে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়।

তবে অ্যালেক্সের দাবি, হত্যাকাণ্ডে প্রাণঘাতী আঘাতটি তাঁর বাবা করেছিলেন। হাতুড়িতে তাঁর ডিএনএ পাওয়া গেলেও সেটি কখনো স্পর্শ করেননি বলে দাবি করেন তিনি। হাতুড়িটি তাঁর ভাই কিনেছিলেন বলেও জানান।

অন্যদিকে প্রসিকিউটর শার্লট ড্রেকট জানান, অ্যাবির গোলাপি বারকিন ব্যাগে রক্তের দাগ ও ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আক্রমণ ঠেকাতে তিনি ব্যাগটি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেন প্রসিকিউশন।

তিন আসামিই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তবে মরদেহ অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগ স্বীকার করেছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট