☰
✕

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস ও বিশ্বশান্তির প্রতীক: রাষ্ট্রদূত আইরিন খান

২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান।

তিনি উল্লেখ করেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও একটি নির্ভরযোগ্য অংশীদার।

২৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তিন বাহিনীর সম্মিলিত সেই অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁদের অবদান বিশ্বদরবারে বাংলাদেশের শান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির মূল্যবোধকে তুলে ধরছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা অ্যাটাশে, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আইরিন খান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।