২৫ নভেম্বর, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না; দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।
সিলেট নগরীর হোটেল লা ভিস্তায় ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটের প্রতি এ অঞ্চলের মানুষের রয়েছে আলাদা ভালোবাসা ও দায়বদ্ধতা। তাই সিলেটের উন্নয়ন, মানুষের অধিকার এবং জাতীয় পর্যায়ে এ অঞ্চলের ন্যায্য দাবি তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর নেতাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে হুমায়ুন কবির বলেন, পত্রিকাটি আগামী দিনেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সিলেটের মানুষের অধিকার, এ অঞ্চলের উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে। সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার উদ্যোগ নেওয়ায় তিনি পত্রিকাটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নেতা এবং ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।