২৫ নভেম্বর, ২০২৬
সিকিউরিটিজ আইন ও বিধিবিধান ভঙ্গের দায়ে ছয়টি ফান্ড থেকে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বাদ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলআর গ্লোবাল এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে তা চূড়ান্তভাবে খারিজ করেছে কমিশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছয়টি ফান্ড হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, আইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করায় ইউনিটহোল্ডাররা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থে গত ১ হাজার ১৮তম কমিশন সভায় সংশ্লিষ্ট ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে রিভিউ আবেদন করেছিল এলআর গ্লোবাল। তবে মঙ্গলবারের সভায় আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। ফলে ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠানটির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।