☰
✕

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষর

২৫ নভেম্বর, ২০২৬

সড়ক নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ সায়েদুর রহমান ও অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান। বিভাগ, পুলিশ ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

সমঝোতা অনুযায়ী সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের সিসিটিভি ফুটেজ, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ (এএনপিআর), গতি শনাক্তকরণ ব্যবস্থা, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) ও অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের তথ্য হাইওয়ে পুলিশ ব্যবহার করতে পারবে। এতে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে গাড়ি থামানো ও লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ সহজ হবে।

স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় এপিআই লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। পুলিশ ডাটাবেজে শুধু তথ্য দেখার (রিড অনলি) সুযোগ পাবে। উভয় পক্ষ নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে রিয়েল টাইমে তথ্য বিনিময় করবে এবং কারিগরি সহযোগিতা ২৪/৭ সচল রাখার উদ্যোগ নেবে। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তায় নির্ধারিত বিধিবিধান মানতে হবে।

স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংস্থাগুলোর সমন্বয় আরও সুদৃঢ় হবে।