২৫ নভেম্বর, ২০২৬
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনেও দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে আরও চাপে ফেলেছে স্বাগতিকরা। দুই ব্যাটারের সেঞ্চুরি এবং দুই ব্যাটারের অর্ধশতকে ভর করে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়িয়েছে ৭ উইকেটে ৪৯৪ রান। বাংলাদেশের বিপক্ষে ৪০৩ রানের বিশাল লিড পেয়েছে প্রোটিয়ারা।
দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রোটিয়াদের রানের চাকা থামাতে পারেনি বাংলাদেশ। অ্যাকারম্যানের দুর্দান্ত দেড়শ রানের ইনিংসের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন উইয়ান মুল্ডারও। তাওহীদ হৃদয়ের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা পান তিনি। তবে সেঞ্চুরি পূর্ণ করার পর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মুল্ডার। দিনের শেষ ওভারে হৃদয়ের বলে জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ১০০ রানেই থামে তার ইনিংস।
মুল্ডারের বিদায়ে ভাঙে মার্কো ইয়ানসেনের সঙ্গে তার ১০৬ রানের জুটি। এরপর ক্রিজে আসেন সিমন হারমার। তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৬৭ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইয়ানসেন।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার গতিময় পেস আক্রমণের সামনে দাড়াতেই পারেননি টাইগার ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের করা ৯১ রানের জবাবে প্রথম দিন শেষে ৩ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় দিনের ইনিংসের দ্বিতীয় ওভারেই সেই ঘাটতি কাটিয়ে লিড নেয় স্বাগতিকরা। এরপর ব্যাট হাতে একের পর এক দৃঢ়তা দেখিয়ে বাংলাদেশের বোলারদের জন্য দিনটিকে আরও কঠিন করে তোলে প্রোটিয়ারা।