২৫ নভেম্বর, ২০২৬
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
মঙ্গলবার দুপুরে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ গমনাগমন বা প্রতিপক্ষের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। ড্রোন ও সার্চলাইট দিয়ে নজরদারি চলছে।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।