☰
✕

ফ্যাসিস্টকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমিনুল হক

২৫ নভেম্বর, ২০২৬

দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে সরকারি দল, বিরোধী দলসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেছেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উত্থান দেখতে চান না। দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে আর ফিরে যেতে চান না তারা।

বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে। এসব অপতৎপরতা দৃঢ় হাতে বন্ধ করতে হবে। এ জন্য সরকারি দল, বিরোধী দল, তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরু ও হাঁস-মুরগির খামারিদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করা হচ্ছে। আগে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোকেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।