☰
✕

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনজীবী ফোরামের প্রতিবাদ মিছিল

২৫ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ মিছিল বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্যাপারী, আজগর মাহমুদ, জহিরুল ইসলাম, সোহেল মাহমুদ ও হাসান আল মাহমুদ।

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, আব্দুল মজিদ, জাকির হোসেন, শামছুদ্দিন হিমেল, নুর হোসেন মিন্টু ও আব্দুল আহাদ শাকিল পাটোয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মিছিল থেকে ‘ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার বিষয়ে তিনি বলেন, যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছেন, তাদের স্পষ্ট করে জানাতে চাই, আমাদের সরকার বারবার ভারতের কাছে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে হস্তান্তরের দাবি জানাচ্ছে। শেখ হাসিনা দেশে এলে তার স্থান হবে কারাগারে। তিনি মৃত্যুদণ্ডের আসামি। আইন অনুযায়ী তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হবে।