☰
✕

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

২৫ নভেম্বর, ২০২৬

সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার সুপারস্পোর্ট পার্কে মুল্ডারের রেকর্ডগড়া পারফরম্যান্সের দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এর ফলে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ দল।

এই কীর্তির মধ্য দিয়ে একই টেস্টে সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলেন মুল্ডার। সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই বিরল কীর্তি গড়লেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার জন গ্রেগরি, ইংল্যান্ডের ইয়ান বোথাম (দু’বার), ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং আফগানিস্তানের নাসির খান মারুফখিল এই কীর্তি গড়েছিলেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের রেকর্ড সর্বনিম্ন ৯১ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। ওপেনার মার্কেস অ্যাকারম্যানের ১৫৭ এবং মুল্ডারের ১০০ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে নেমে আবারও ব্যাটিং দুর্বলতা প্রকাশ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের দুই সেশন শেষ হওয়ার আগেই ১০ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয় বরণ করে সফরকারীরা।

এর আগে সিরিজের প্রথম টেস্টেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা।

তবে বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন ৫৮ রানের জুটি গড়েন। সিরিজে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান পায় বাংলাদেশ।

দ্বিতীয় দিনেই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসানো মুল্ডার টানা দুই ওভারে দু’টি উইকেট নিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে দেন।

প্রথমে ২৯ রান করা তানজিদকে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর একইভাবে মুল্ডারের শিকার হন মুমিনুল হক। পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। হতাশাজনক সিরিজের সমাপ্তি ঘটে তাঁর।

আবারও সম্ভাবনার আভাস দিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মাহফিজুল। ৩৮ রানে তাঁকে এলবিডব্লিউ করেন মার্কো জানসেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দক্ষিণ আফ্রিকার বোলারদের প্রতিরোধ করে চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন। তবে সহজেই উইকেট দিয়ে ফেরেন হৃদয়।

দলীয় সর্বোচ্চ ৪১ রান করা হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। ৩৩ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এরপর দুর্দান্ত গতির বোলিংয়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন মুল্ডার। টানা পাঁচ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যেও অধিনায়ক শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ১০১ বল খেলে ৩৪ রান করার পর মুল্ডারের শিকার হন তিনিও।

৪৮ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন জানসেন। খালেদ আহমেদকে আউট করে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান তিনি।

এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মনোযোগ দেবে দুই দল। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে শুরু হবে সিরিজটি।