☰
✕

বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স

২৫ নভেম্বর, ২০২৬

 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর 
 ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রিন্স।

সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে, ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়? 

তিনি বলেন, সকলের মনে রাখা উচিৎ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো ষড়যন্ত্র নস্যাত করে দেয়া হবে। 

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাঙক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। 

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।