২৬ নভেম্বর, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি ইকোনমিক টাইমসের ‘বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তৃণমূলের নেতৃত্বের সমালোচনা করে শুভেন্দু বলেন, দলটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রিত একটি কোম্পানির মতো হয়ে উঠেছিল। সেখানে কর্মচারী হয়ে থাকতে চাননি বলেই তিনি দল ছেড়েছিলেন।
প্রণব মুখার্জির উপদেশের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর রাইসিনা হিলে দেখা করতে গেলে প্রণবজি তাকে বলেছিলেন, যদি কর্মচারী হয়ে থাকতে চাও, তবে এখানেই থাকো। আর নিজের যোগ্যতায় সামনে এগোতে চাইলে মোদিজির সঙ্গে থাকো। তবে প্রয়াত রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক এড়াতে ওই কথোপকথনের সুনির্দিষ্ট সময় জানাননি তিনি।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি থাকা প্রণব মুখার্জি ২০২০ সালে মারা যান। একই বছরের ডিসেম্বরে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।
গত মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জিতে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটায় বিজেপি। ৮০ আসনে নেমে আসা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া