☰
✕

আপনার গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে গেছি, চিনেন নাই

২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে এক শীর্ষ সন্ত্রাসীকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) ৯ মিনিট ৫১ সেকেন্ডের অডিওটি রায়হান আলম নামে ওই সন্ত্রাসী নিজেই তার ফেসবুকে পোস্ট করেছেন।

ফোনালাপে পুলিশের অভিযান চলাকালে তাদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়ার দাবি করেন রায়হান। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানকে ধরতে আমরা অভিযান চালিয়েছিলাম। সেই অভিযান চলাকালেই সে হোয়াটস অ্যাপে আমাকে কল দিয়ে পালিয়ে গেছে বলে তথ্য দেয়। হয়তো বিভ্রান্ত করতেই সে এটা করেছে। আমরাও কৌশলে তাকে আত্মসমর্পণ করাতে চেষ্টা করেছি। তার আত্মসমর্পণ কিংবা গ্রেফতার দুইটি বিষয় নিয়েই  কাজ করছি।

ছড়িয়ে পড়া  ফোনালাপে পুলিশ কর্মকর্তা তারেক সন্ত্রাসী রায়হানকে নিরাপদ আত্মসমর্পণের আশ্বাস দেন এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতার কথা বলেন। তবে আত্মসমর্পণের ইচ্ছা আছে এমনটি জানালেও রায়হান কবে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে কোনো তথ্য দেননি।

উল্টো  রায়হান অপর প্রান্তে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করেন, চট্টগ্রামে আর কতদিন আছেন এবং পরিবার কোথায় থাকে। এছাড়া সম্প্রতি ফটিকছড়িতে পুলিশের অভিযান চলাকালে পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়ার দাবি করেন। পুরো অডিওতে রায়হানকে স্বাভাবিক ও হাস্যরসাত্মক ভঙ্গীতে কথা বলতে শোনা যায়।

রায়হান বলেন, আপনার গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তখন সাইকেল চালিয়ে চলে গেছি। আপনি আমারে চিনেন নাই। রায়হানের দাবি, এর আগেও পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে তার আত্মসমর্পণের বিষয়ে কথা হয়েছিল, কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।

গত সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি করা হলে ছয়জন আহত হন। এর পরের দিন দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে রায়হান এই ঘটনার দায় স্বীকার করেন এবং দাবি করেন, গাড়ি আটকানোর চেষ্টা করায় আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছেন।

জানা গেছে, ওইদিনই পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘেরাও করে রায়হানকে ধরতে অভিযান চালায়। কিন্তু রায়হান পালিয়ে যেতে সক্ষম হন। নিজের চেহারা নিয়ে পুলিশ কর্মকর্তার মন্তব্যের প্রসঙ্গ টেনে রায়হান রসিকতা করে বলেন, স্যার আপনি আমাকে বাটি, কালো, খাটো বলেছেন। এটা নিয়ে মনে কষ্ট পাইলাম স্যার। আমি আর কালো নাই। সুন্দর হয়ে গেছি স্যার ক্রিম মাইখা।

পুলিশ কর্মকর্তা তারেকের আত্মসমর্পণের আহ্বানে রায়হান জানান, এখন আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। রাজনৈতিক পট পরিবর্তন হলে তখনও মামলা দেওয়া হবে। তিনি মামলার কারণে কারাগার থেকে বের হতে পারবেন না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরী ও জেলায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ ক’টি ঘটনায় রায়হানের নাম এসেছে। তাকে ধরতে একাধিক অভিযান চালালেও এখনো পর্যন্ত অধরা  দুর্ধর্ষ এই সন্ত্রাসী।