২৬ নভেম্বর, ২০২৬
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
নানা কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে বায়ু দূষণের মাত্রা। এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। শহরটির বায়ুমানের স্কোর ছিল ২৩৯।
আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৬২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা শহর।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।