☰
✕

ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

২৬ নভেম্বর, ২০২৬

ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। কোনো বাণিজ্য চুক্তি না থাকার প্রেক্ষাপটে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, ভারতের অতিরিক্ত শিল্প সক্ষমতা, বাজারে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বাধা এবং শ্রমিকদের সুরক্ষার অভাব—এসব বিষয় মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে।

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) জানিয়েছে, যদি ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে সম্মত হয়, তবে তাদের ওপর আরোপিত শুল্কের হার কমে ১৭ শতাংশে নেমে আসবে।

শুল্ক সংক্রান্ত এই নতুন প্রস্তাবটি এসেছে ইউএসটিআর-এর মার্চ মাসে শুরু করা ‘সেকশন ৩০১’ তদন্তের ধারাবাহিকতায়, যার আওতায় ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউএসটিআর অন্যান্য অর্থনীতির ক্ষেত্রে ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে; তবে যেসব বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগে থেকেই চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার তুলনামূলক কম হবে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে—সাধারণ আমদানি শুল্কসহ ১৫ শতাংশ শুল্ক হার প্রযোজ্য হবে। আর ভিয়েতনামের ক্ষেত্রে, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

ইউএসটিআর-এর জেমিসন গ্রিয়ার বলেন, “কয়েক দশক ধরে, আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন সব শিল্প কৌশল গ্রহণ করেছে, যার মূলে রয়েছে—উৎপাদন খাতকে লক্ষ্যবস্তু করা, মজুরি ও শ্রমের অধিকারকে দমন করা, আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান, বাজার-বহির্ভূত উপাদানের ব্যবহার এবং বাজারের স্বাভাবিক কার্যপদ্ধতিকে বিকৃত করে এমন নানা অনুশীলন। এসব পদক্ষেপ বাণিজ্যের ভারসাম্যকে তাদের অনুকূলে নিয়ে গেছে এবং একই সঙ্গে আমেরিকার উৎপাদন ভিত্তিকে দুর্বল করে ফেলেছে।”