☰
✕

টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে সরকার

২৬ নভেম্বর, ২০২৬

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১৮২ কোটি ২০ লাখ টাকার চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতিকেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা।

এ চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। অন্যদিকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা।
প্রতিকেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি ই-জিপি পদ্ধতিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পণ্য দুটি কেনার উদ্যোগ নেয়। উভয় পণ্যই ৫০ কেজির বস্তায় টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ সরবরাহ করা হবে।

চিনি কেনার দরপত্রে মাত্র একটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই শেষে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচনা করে। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে চিনি কেনার সুপারিশ করা হয়।

অন্যদিকে মসুর ডাল কেনার দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে নাবিল নাবা ফুডস লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করা হয়।

টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সংস্থাটির চিনি কেনার লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইতোমধ্যে ২৭ হাজার ৪৮৭ মেট্রিক টন কেনা হয়েছে। নতুন করে ১০ হাজার মেট্রিক টন কেনার অনুমোদন পাওয়ায় চলতি অর্থবছরে অনুমোদিত ও সম্পন্ন ক্রয়ের পরিমাণ দাঁড়াবে ৩৭ হাজার ৪৮৭ মেট্রিক টন।

এদিকে চলতি অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইতোমধ্যে কেনা হয়েছে ৫০ হাজার ৮৭৭ মেট্রিক টন। নতুন করে ১০ হাজার মেট্রিক টন কেনার অনুমোদন পাওয়ায় মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার ৮৭৭ মেট্রিক টন।