২৬ নভেম্বর, ২০২৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা দেশ ও জনগণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফিরে আসবে এমন ভাবছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ মানুষের মধ্য ভয়ভীতি তৈরি করে পৃথিবীর কোনো স্বৈরাচার আর সে দেশে ফিরে আসতে পারে নাই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণ করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরোষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস বলে, সেই পরাজিত শাসক কখনই আর দেশে ফিরে আসতে পারে না। কাজেই গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ একত্রিত হয়ে ফ্যাসিস্টদের চিরতরের জন্য বিদায় দিয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের প্রত্যাখান করছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যাখান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।