২৬ নভেম্বর, ২০২৬
রাইজিং স্টার্স এশিয়া কাপ ২০২৬-এ ভারত 'এ' দলের হয়ে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী এক ইনিংস খেলেছেন। ১৫ বছরের এক তরুণ হয়ে মারকুটে ব্যাটিংয়ে দিশ্বতক হাঁকিয়েছেন তিনি যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তার এমন ইনিংসের পর এক হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে আইসল্যান্ড ক্রিকেট, যেখানে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের নাম।
২৮টি ছক্কার সাহায্যে মাত্র ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন সূর্যবংশী। একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া এই ইনিংসের পর আইসল্যান্ড ক্রিকেট রসিকতা করে বলেছে, ১৫ বছর বয়সি এই কিশোরের ব্যাটটি সম্ভবত এনভিডিয়ার চিপ দিয়ে পরিচালিত হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, "এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে মঙ্গলবার জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও হিসেবে ফিরেছেন এবং বুধবার বৈভব সূর্যবংশীর ব্যাটের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপগুলো আবার কাজ শুরু করেছে।"
এদিকে, রেকর্ডগড়া পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে চিনিয়ে চলা কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সূর্যবংশীকে ভারতীয় ক্রিকেটের ‘ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করার পাশাপাশি এখনই অন্য কারও সাথে তাঁর তুলনা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বাঁচা-মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বই ওলটপালট করে দেন ১৫ বছর বয়সি সূর্যবংশী; আর লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম এই দ্বিশতকে ভর করে ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
ডাবল সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ককে টপকে মাত্র ২৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। ৭টি চার ও ২৮টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংসটি পেশাদার ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোরও বিশ্বরেকর্ড।
বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক এই অধিনায়ক সূর্যবংশীকে ‘বিশাল সম্ভাবনাময়’ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর প্রতিভার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। সৌরভ গাঙ্গুলী এএনআই-কে বলেন, "সে একজন দারুণ খেলোয়াড়। এই বয়সে সে আইপিএলেও অনেক ভালো খেলেছে। সে বিশাল এক সম্ভাবনা। ভারতের হয়েও সে যতটুকু সুযোগ পেয়েছে, ভালো খেলেছে। সে-ই ভবিষ্যৎ।"
তবে এখনই অন্য ক্রিকেটারদের সাথে সূর্যবংশীর তুলনা করার বিষয়ে সতর্ক করে দিয়ে সৌরভ জোর দেন যেন এই তরুণকে তাঁর নিজস্ব গতিতেই বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়। গাঙ্গুলী যোগ করেন, "কোনো তুলনা বা এসব করবেন না; ওকে খেলতে দিন। সে একজন বাঁহাতি ব্যাটার, বয়স মাত্র ১৫-১৬ বছর- ওকে ওর মতো খেলতে দিন।"