☰
✕

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলল আইবিএম

২৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি পেশাজীবী, বিশেষ করে ভারতীয় প্রযুক্তিকর্মীরা অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

আইবিএমের সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কর্মীদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে স্থানান্তরিত হয়ে কোম্পানির হয়ে কাজ চালিয়ে যেতে হবে। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএম কনসাল্টিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে এই সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের অন্য দেশে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী নন, তাদের তিন মাসের সমপরিমাণ ছাঁটাইকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তাদের শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের ওপর। কারণ, যুক্তরাষ্ট্রে অনেক বিদেশি পেশাজীবী কাজের অনুমতি ও স্থায়ী বসবাসের আবেদনের জন্য নিয়োগকর্তার স্পনসরশিপের ওপর নির্ভর করেন।

আইবিএম জানিয়েছে, পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, মেধার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মী ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল আইবিএম। তবে কয়েক বছর ধরেই এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছে।

মুখপাত্রের ভাষ্য, দক্ষ কর্মীর সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা পরিবর্তনের কারণে আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোম্পানির সব বিভাগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

এদিকে, আইবিএমের কনসাল্টিং ব্যবসায়ও সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির চ্যালেঞ্জ দেখা দিয়েছে। রেড হ্যাট, হ্যাশিকর্প ও কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে সফটওয়্যার ব্যবসায় গুরুত্ব বাড়ালেও ২০২৪ সাল থেকে কনসাল্টিং বিভাগের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায়নি।

আইবিএমের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে স্থানান্তরের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে। ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং বিভাগের ১ হাজার ২৭৮টি শূন্যপদ ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ভারতে। এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ খালি ছিল।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রেও আইবিএমের কনসাল্টিং বিভাগে ৮৯টি শূন্যপদ ছিল। তবে বিদেশে স্থানান্তরিত হতে ইচ্ছুক কর্মীদের কতজন এসব পদে সুযোগ পাবেন কিংবা নতুন পদগুলো তাদের বর্তমান দায়িত্ব ও বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

আইবিএমের এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর নজরদারি বাড়িয়েছে। এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত কাজে বিদেশি পেশাজীবী নিয়োগের সুযোগ পায়। ভারতীয় প্রযুক্তিকর্মীরা এই কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী।

ট্রাম্প প্রশাসন এই কর্মসূচিতে কঠোরতা আনতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনের জন্য প্রস্তাবিত ১ লাখ ডলার ফি এবং ভিসা নির্বাচনের ক্ষেত্রে উচ্চ বেতনের পদকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের গুরুত্বপূর্ণ ধাপ পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রেও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসসহ কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের বিধিনিষেধের মুখে পড়ে।

ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়াল মনে করেন, আইবিএমের এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতের বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। তাঁর মতে, ভোক্তাদের চাহিদা, শ্রমবাজার এবং ব্যবসায়িক লক্ষ্য পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনছে। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের ওপর বিশেষ প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারের কারণে কর্মীদের নতুন প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক ফলাফল নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে হবে। তবে নিয়োগের ভৌগোলিক কেন্দ্র পরিবর্তিত হলেও বিশ্বজুড়ে দক্ষ পেশাজীবীদের চাহিদা অটুট থাকবে বলে মনে করেন তিনি।