২৭ নভেম্বর, ২০২৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা এবং অর্জন পর্যালোচনায় নভেম্বর ২০২৬ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি, লক্ষ্যমাত্রা এবং অর্জনের চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রকল্প কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে বর্তমানে আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হচ্ছে। হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি রপ্তানিমুখী করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এ খাতে নতুন উৎপাদন লাইন স্থাপন এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।